নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে কথিত যুবদল নেতা সেলিম উদ্দীন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পয়েন্ট থেকে অবাধে বালু উত্তোলন করে আসছেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরই ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে। এর মধ্যে সরই ইউনিয়ন পরিষদের পশ্চিমে পাঞ্জাগানার পাশে, জার্মানিয়া পাড়া, আমতলী হোসেন মেম্বারের বাড়ির পাশ, ভরা গোদা এবং ৩ নম্বর ওয়ার্ডের আবিরন পাড়ার পাশসহ ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বালু উত্তোলনের চিত্র দেখা গেছে। স্থানীয়দের দাবি, এভাবে বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা সাচিং প্রু জেরী ও সাবেক উপজেলা চেয়ারম্যানের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। ফলে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছেন। প্রতিবাদ করতে গেলে প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে অভিযোগ করেও কার্যকর প্রতিকার না পাওয়ার দাবি করেন তারা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম উদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন গণমাধ্যমকে বলেন, গতকাল সেখানে গিয়েছিলাম। প্রয়োজন হলে আবারও সেখানে যাব। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন