গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ(দিনাজপুর)
দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ্।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. হামিদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম ইব্রাহীম মিয়ার সহধর্মিণী মোছা. আছিয়া খাতুন, উপদেষ্টা পর্ষদের সদস্য আলহাজ্ব মোছা. নঈমা সুলতানা, আলহাজ্ব আকবর কবীর মো. নিয়ামুল খোদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আসাদুল ইসলাম দুলাল, এ্যাড. মো. নুরুল ইসলাম, ডা. এ.বি.এম. সোহেল মাহমুদ, মোছা. শাহানা বেগম শানু, রেজাউল করিম শেখ, আহিটেই পলিটেকনিক, বীরগঞ্জ, দিনাজপুরের উপাধ্যক্ষ বিপাশ বসাক, সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম দুলালসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন, তাদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে এবং শিক্ষাক্ষেত্রে বীরগঞ্জের সুনাম আরও সমৃদ্ধ করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন