বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল-যশোর মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ফারুককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা।
এ সময় তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ অর্থসহ উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত স্বর্ণের বার, মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।